ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, ফেয়ার ইলেকট্রনিক্স জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক মর্যাদাপূর্ণ অথরাইজড ইকোনমিক অপারেটর (AEO) সার্টিফিকেট পেয়েছে। এ সার্টিফিকেটটি ফেয়ার ইলেকট্রনিক্সকে একটি বিশ্বস্ত এবং অনুগত বাণিজ্য অংশীদার হিসেবে স্বীকৃতি দেয়ার মাধ্যমে আরো দ্রুত এবং দক্ষ ক্রস-বর্ডার অপারেশন নিশ্চিত করে। একটি এইও-প্রত্যয়িত ব্যবসা হিসেবে, ফেয়ার ইলেকট্রনিক্স এখন সরাসরি বন্দর থেকে তার কারখানা বা গুদামে একটি গ্রিন চ্যানেলের মাধ্যমে, ফিজিক্যাল ইন্সপেকশন ছাড়াই পণ্য পরিবহন করতে পারে। এটি উল্লেখযোগ্যভাবে ক্লিয়ারেন্সের সময় ও খরচ কমিয়ে দেবে এবং বাণিজ্য কার্যক্রমে সামগ্রিক দক্ষতা বাড়াবে।

একটি নির্বিঘ্ন ক্লিয়ারেন্স সিস্টেমের মাধ্যমে আমদানি ও রফতানি প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে এইও প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন কোম্পানির পক্ষে সার্টিফিকেট গ্রহণ করেন। অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এনবিআর কর্মকর্তা এবং ফেয়ার গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কাজী নাসির উদ্দিন।

উল্লেখযোগ্যভাবে, ফেয়ার ইলেকট্রনিক্স বাংলাদেশের একমাত্র কনজিউমার ইলেকট্রনিক্স এবং মোবাইল ফোন উৎপাদনকারী কোম্পানি যারা এ মর্যাদাপূর্ণ সার্টিফিকেশন অর্জন করেছে, যা এই শিল্পে তার নেতৃত্বকে শক্তিশালী করবে। —বিজ্ঞপ্তি