দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়। এ নিয়ে টানা ১০ বছরের মতো দেশটিতে জন্মহার কমল। খবর নিক্কেই এশিয়া।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে জাপানে নারীদের প্রজনন হার কমে দাঁড়ায় ১ দশমিক ১৪-তে, যা আগের বছরের তুলনায় দশমিক শূন্য ১ পয়েন্ট কম। একজন নারী তার প্রজননক্ষম বয়সে গড়ে কতটি সন্তানের জন্ম দিচ্ছেন, তার গড় হিসাবকে প্রজনন হার বলা হয়। গত বছর জাপানে জন্ম নেয়া শিশুর সংখ্যা ছিল ৬ লাখ ৭১ হাজার ২৩৬। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ২ দশমিক ২ শতাংশ কম। ১৮৯৯ সালে এ-সংক্রান্ত রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এটিই সর্বনিম্ন জন্মহার। তবে কভিড-১৯ মহামারীর সময় প্রতি বছর জন্মহার যেভাবে ৫ শতাংশের বেশি কমছিল, সে পতনের গতি এখন কিছুটা ধীর হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে বিয়ের সংখ্যা কিছুটা বাড়ায় শিশু জন্মের গতি কিছুটা বেড়েছে। ২০২৫ সালে জাপানে মোট ৪ লাখ ৮৯ হাজার ১১৯টি যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যা আগের বছরের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি। এটি টানা দ্বিতীয় বছরের মতো বিয়ের সংখ্যা বাড়ার রেকর্ড।

তবু প্রতি বছর নতুন শিশু জন্মের হার ২ শতাংশের বেশি কমে যাওয়া দেশের অর্থনীতির জন্য বেশ চিন্তার বিষয়। সংকট কাটাতে ও জন্মহার বাড়াতে জাপান সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।