বাকৃবির কৃষি অনুষদ সম্মেলন কক্ষে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গবেষণার ফলাফল ও প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরা হয়। মার্কেন্টাইল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের বিশেষ সিএসআর ফান্ডের আওতায় ১ কোটি ৬০ লাখ টাকা অনুদানে গবেষণা প্রকল্পটি পরিচালনা করা হয়।
বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা ড. তাপস চন্দ্র পাল এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের প্রিসিশন এগ্রিকালচার ও টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক মো. মঞ্জুরুল আলম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষি উদ্যোক্তা, গবেষণা প্রকল্পের সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক, কৃষিবিজ্ঞানী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ প্রকল্পের মাধ্যমে মোট ১৯টি ড্রায়ার তৈরি করা হয়েছে। এর মধ্যে ১০টি কক্সবাজার, পটুয়াখালী, সাতক্ষীরা, টাঙ্গাইল, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় ব্যবহারকারী পর্যায়ে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া তিনটি ড্রায়ার প্রকল্পের গবেষণাগারে ব্যবহৃত হচ্ছে এবং ছয়টি ব্যবহারকারী পর্যায়ে বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।










