তরুণ ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীদের উদ্ভাবনী ডিজিটাল সমাধান উপস্থাপনের সুযোগ করে দিতে ইনোভেশন সামিট ২০২৫ চালু করেছে রবি আজিয়াটা পিএলসির মোবাইল অ্যাপ প্ল্যাটফর্ম বিডিঅ্যাপস। প্রতিযোগিতাটি দেশের তরুণদের ক্ষমতায়ন ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (৫ মে) রাজধানীতে রবি কর্পোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান।
অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম ও জেনারেল ম্যানেজার (ভিএএস অ্যান্ড নিউ বিজনেস) শফিক শামসুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
বিডিঅ্যাপস রবি আজিয়াটারের একটি ডিজিটাল উদ্যোগ, যা দেশের অন্যতম বৃহৎ মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এটি স্থানীয় ডেভেলপারদের জন্য টুলস, রিসোর্স ও অন্যান্য সহায়তা দিয়ে তাদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করে।
সংবাদ সম্মেলনে বিটিআরসির মহাপরিচালক বলেন, বিডিঅ্যাপসের ইনোভেশন সামিট তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি নিয়ে আগ্রহ বাড়াবে। এই আয়োজন ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রবি আজিয়াটার সিসিও শিহাব আহমাদ বলেন, বিডিঅ্যাপসের লক্ষ্য হলো উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া ও দেশের জন্য একটি শক্তিশালী ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলা।
করপোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, বিডিঅ্যাপস দেশের প্রযুক্তি ইকোসিস্টেমকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। এছাড়াও এটি তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিচ্ছে।
জেনারেল ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক বলেন, এই সামিটে তরুণরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ের বাস্তব সমস্যার সমাধানে তাদের ডিজিটাল আইডিয়া উপস্থাপন করতে পারবেন। প্ল্যাটফর্মটি তাদের আইডিয়া বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে।
প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। আগ্রহীরা bdappsinnovationsummit.com ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে তাদের আইডিয়া জমা দিতে পারবেন। জমা দেয়া আইডিয়াগুলো যাচাই-বাছাই শেষে বিচারক প্যানেল সেরা দলগুলো নির্বাচন করবে।
নির্বাচিত দলগুলো আগামী ১৯ জুন অনুষ্ঠেয় গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবে। সেখানে তাদের উদ্ভাবনী সমাধান বিচারকেরা মূল্যায়ন শেষে দর্শকদের কাছে প্রকাশ করবেন।
প্রতিযোগিতার মোট পুরস্কার ৫ লাখ টাকা। পাশাপাশি সব ফাইনালিস্ট পাবে সার্টিফিকেট ও বিডিঅ্যাপস ইকোসিস্টেমে সংযুক্ত হওয়ার সুযোগ।










