করের বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, বাজেট প্রণয়নের আগে সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে আয়কর প্রত্যাহারের যৌক্তিকতা তুলে ধরা হলেও ইতিবাচক আশ্বাস সত্ত্বেও বাজেটে তার প্রতিফলন ঘটেনি।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপিইউবি জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অবকাঠামো, প্রযুক্তি, ল্যাব ও লাইব্রেরি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভ্যাট ও কর পরিশোধ করছে। পাশাপাশি ১০ শতাংশ আয়কর বহাল থাকলে বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন ব্যাহত হবে এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়ে উচ্চ শিক্ষার ব্যয় বাড়বে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী, এসব প্রতিষ্ঠান অলাভজনক হওয়ায় এ ধরনের কর আরোপ নীতিগতভাবে অসামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নের জন্ম দেয়।
এপিইউবি আরো উল্লেখ করে, সরকারের নির্বাচনী ইশতাহারে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করমুক্ত রাখার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা প্রতিফলিত হয়নি। সংগঠনটি শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, অর্থ মন্ত্রণালয়, এনবিআরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আয়কর প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে।










