অনুসন্ধানের স্বার্থে ইউনিয়ন ব্যাংকের কাছে তথ্য চেয়েছিল এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। ব্যাংক কর্তৃপক্ষ সিআইসিকে মিথ্যা তথ্য সরবরাহ করেছিল। তাই ব্যাংকটির এমডিকে শোকজ করেছে সিআইসি। গত ৮ জানুয়ারি তাকে শোকজ করা হয়। সিআইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সিআইসি সূত্র বলছে, আয়কর আইন ২০২৩ এর ২০০ নম্বর ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। মিথ্যা তথ্য বা তথ্য দিতে গড়িমসি করলে সেটি ফৌজধারী অপরাধ। ৩১৩ ধারা অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

সিআইসির একজন কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, ‘এস আলমের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। সে বিষয়ে ব্যাংকটির কাছে তথ্য চাওয়া হয়। তারা জানিয়েছে তাদের ব্যাংকটিতে এস আলম গ্রুপের কোনো অ্যাকাউন্ট নেই। অথচ আয়কর নথি অনুযায়ী আমরা ব্যাংকটিতে এস আলম গ্রুপের অ্যাকাউন্ট খুঁজে পেয়েছি। তারা মিথ্যা তথ্য দেয়ায় এমডিকে শোকজ করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’

এছাড়া বিভিন্ন ব্যাংক অন্যান্য অনুসন্ধান কাজের তথ্য দিতে গড়িমসি করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বিএফআইইউকে চিঠি দেয়া হয়েছে। চিঠির অনুলিপি গভর্নর দপ্তরেও পাঠানো হয়েছে।