চলতি বছরের প্রথম তিন মাসে ব্র্যাক ব্যাংকের শাখা নেটওয়ার্ক ৫ হাজার কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে। এ বিপুল পরিমাণ আমানত বৃদ্ধি আমানত সংগ্রহে ব্যাংকটির সক্ষমতা ও গ্রাহকদের আস্থার প্রতিফলন।
এই সাফল্য উদযাপন করার জন্য ব্র্যাক ব্যাংক সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক শাখা নেটওয়ার্কের প্রধানদের সঙ্গে যোগ দেন।
এ সময় ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আঞ্চলিক প্রধান, ক্লাস্টার প্রধান ও শাখা ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিনিয়র জোনাল হেড (উত্তর) এ কে এম তারেক এবং সিনিয়র জোনাল হেড (দক্ষিণ) তাহের হাসান আল মামুনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংকের এই অর্জনে গ্রাহকদের আস্থা ও তাদের সঙ্গে সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, গ্রাহকদের সঙ্গে আস্থার সম্পর্ক স্থাপন করাই আমানত সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে চলতি বছরসহ সামনের বছরগুলোতেও ব্র্যাক ব্যাংক আমানত বৃদ্ধিতে তাদের এ সাফল্য ধরে রাখতে সক্ষম হবে। —বিজ্ঞপ্তি










