ব্যাংকটির চাঁদপুর ও কুমিল্লা জেলার আংশিক এলাকার আওতায় থাকা মোট ৭৪টি এজেন্ট আউটলেটের মালিক, আটটি লিংক শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের নিয়ে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক। হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এজেন্ট ও শাখা ব্যবস্থাপকরা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আমানত বৃদ্ধির কৌশল এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগে চালু হওয়া ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর ইসলামিক ওয়ালেট ও আই-ব্যাংকিংয়ের মতো আধুনিক চ্যানেলগুলো ব্যবহারের মাধ্যমে সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান প্রধান অতিথি। এজেন্ট আউটলেটে এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লেনদেন, অটো জেনারেটেড রিসিপ্ট গ্রহণ এবং এসএমএস দেখে নিশ্চিত হয়ে লেনদেন করার বিষয়ে গ্রাহকদের সচেতন করেন তিনি।
সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরো গতিশীল করে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।










