পানি ও স্যানিটেশন সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুর্নীতি প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর ডিপিএইচই ভবনের অডিটোরিয়ামে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ। তিনি বলেন, এরই মধ্যে তিনটি ওয়াসার (চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী) সঙ্গে কাজ শেষ হয়েছে। বর্তমানে রংপুর সিটি করপোরেশনের সঙ্গে কাজ চলছে। আমাদের লক্ষ্য জনবান্ধব সেবা নিশ্চিত করা যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অভিযোগ প্রতিকারের ব্যবস্থা থাকবে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার মহাব্যবস্থাপক ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পলিসি সাপোর্ট ব্রাঞ্চের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।

সেমিনারে ঢাকা ওয়াসার মহাব্যবস্থাপক ফজলুর রহমান বলেন, পানি ব্যবস্থাপনায় শুদ্ধাচার নিশ্চিত করতে জনগণের অংশগ্রহণ বাড়াতে হবে এবং সেবা প্রদানকারীর সঙ্গে গ্রহীতার দূরত্ব কমাতে হবে।

WhatsApp Image 2025-01-22 at 15.49.49 (1)

জার্মানভিত্তিক সংস্থা ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্কের (ডব্লিউআইএন) প্রোগ্রাম লিড ড. ম্যারি গ্যালভিন জানান, পানি সরবরাহ প্রকল্পে প্রায় ২৬ শতাংশ তহবিল দুর্নীতি ও অস্বচ্ছতার কারণে অপচয় হয়। দুর্নীতি রোধে ইন্টিগ্রিটি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

সেমিনারে বুয়েটের অধ্যাপক ড. তানভীর আহমেদ বলেন, এসডিজি-৬ বাস্তবায়নে এখনো তহবিল ঘাটতি রয়েছে। তবে বিদ্যমান তহবিলের অপচয় রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। পানি ও স্যানিটেশন সেবার মানোন্নয়নে আইনি কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার বলেন, পানি সরবরাহে রেগুলেটরি মেকানিজম শক্তিশালী করার পাশাপাশি সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

সেমিনারে সামাজিক নিরীক্ষায় উঠে আসা বেশ কিছু সমস্যার কথা তুলে ধরা হয়। এতে দেখা যায়, ওয়াসার সংযোগ পেতে হয়রানি, পানির মান নিয়ে অসন্তোষ, বিল নিয়ে জটিলতা এবং সেবার সময় নির্দিষ্ট না থাকার মতো বিষয়গুলো গ্রাহকের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে— পানির শাখায় ইন্টিগ্রিটির চর্চা বাড়ানো, গ্রাহক সেবার প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি, সেবাকে আরো সহজলভ্য ও জনমুখী করা এবং সেবাগ্রহীতার সঙ্গে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করা।

সেমিনারে অংশগ্রহণকারীরা জানান, এসডিজি বাস্তবায়নে সরকার, নাগরিক সমাজ ও অন্যান্য স্টেকহোল্ডারদের একযোগে কাজ করতে হবে। এ সময় পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। —বিজ্ঞপ্তি