রাজধানীর একটি হোটেলে গতকাল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এর তৃতীয় আসরে এ পুরস্কার দেয়া হয়। এ সময় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. এ কে এনামুল হক।
এবারের আয়োজনে ২৬টি ক্যাটাগরিতে ৬৪টি সম্মাননা দেয়া হয়। এর মধ্যে ৪০টি উদ্যোগ বিজয়ী এবং ২৪টি উদ্যোগ অনারেবল মেনশন সম্মাননা পায়। এবার ৫৩টি প্রতিষ্ঠান থেকে ৩৪৭টি মনোনয়নপত্র জমা পড়ে। পাঁচটি পৃথক জুরি সেশনের মাধ্যমে ১৬ জন বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্ট ব্যক্তির সমন্বয়ে গঠিত বোর্ড কঠোর মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করে। উদ্যোগগুলোকে তাদের লক্ষ্য, দৃষ্টিভঙ্গি, কার্যকারিতা এবং পরিমাপযোগ্য প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
বেস্ট রিটেইলার ক্যাটাগরির আওতায় ১৪টি সাব-ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। এসবের মধ্যে ছিল জুয়েলারি, ক্যাফে, রেস্টুরেন্ট, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেলস, ফুটওয়্যার, মোবাইল হ্যান্ডসেট, ফুড কোর্ট, ব্যাংকিং, অটোমোটিভ, ফার্নিচার, লাইফস্টাইল, কসমেটিকস ও স্কিন কেয়ার, ইলেকট্রনিকস এবং সুইট অ্যান্ড সেভরি খাত। তবে নির্ধারিত মানদণ্ড পূরণ না হওয়ায় ‘লাস্ট মাইল ডিস্ট্রিবিউশন ইনোভেশন’, ‘ইনস্পায়ারিং রিটেইলার অব দ্য ইয়ার’ এবং ‘এক্সপেরিয়েন্সিয়াল রিটেইলার অব দ্য ইয়ার’—এ তিনটি ক্যাটাগরিতে কোনো বিজয়ী ঘোষণা করা হয়নি।
সম্মেলনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি (আইডিসি) বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং এসিআইয়ের বোর্ড ডিরেক্টর আশরাফ বিন তাজ, ইউনিলিভার বাংলাদেশের কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড শাদমান সাদিকিন এবং ওমনি স্ট্র্যাটেজির চিফ এক্সিকিউটিভ অফিসার সামি আশরাফসহ দেশের শীর্ষস্থানীয় রিটেইলার, ব্র্যান্ড নেতৃত্ব, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, বিপণন পেশাজীবী এবং বিভিন্ন খাতের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানটি রিটেইল আউটলেট স্বপ্নের পরিবেশনায় এবং সিঙ্গার ও বাটার সঞ্চালনায় আয়োজন করা হয়। সহযোগী হিসেবে ছিল কনকা ও গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড)।









