বাল্যবিবাহ প্রতিরোধে বড় সাফল্য অর্জন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সরকারের সহযোগিতায় ২৮টি জেলায় বাল্যবিবাহ মুক্ত গ্রাম কর্মসূচির আওতায় ১ হাজার ৩০৯টি গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর লেকশোর হোটেলে এ সাফল্য উদযাপন ও কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে একটি সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম ছিল— গ্রাম থেকেই শুরু হোক বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুস সালাম, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রিয়সিন্ধু তালুকদার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহানা জামান, বাংলাদেশ পুলিশের ডিআইজি তাপতুন নাসরীন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান।

কোভিড-১৯ পরবর্তী সময়ে দেশে বাল্যবিবাহের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায়, জাতীয় মানবাধিকার কমিশন ও সরকারের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ 'বাল্যবিবাহ মুক্ত গ্রাম' নামে বিশেষ প্রচারাভিযান শুরু করে। মাঠ প্রশাসনের (ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা) সক্রিয় অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হয়। এরই মধ্যে ১ হাজার ৩০৯টি গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ডিরেক্টর-অপারেশন্স চন্দন গোমেজ স্বাগত বক্তব্যে বাল্যবিবাহমুক্ত গ্রাম গঠনে সরকারের ভূমিকা ও কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিরা বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে প্রশাসন ও জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে আগত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও শিশু-কিশোররা বাল্যবিবাহ প্রতিরোধে তাদের অভিজ্ঞতা ও সম্পৃক্ততা তুলে ধরেন। —বিজ্ঞপ্তি