মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত নতুন শুল্কারোপে অর্থনীতিতে যে প্রভাব পড়বে, তা সামাল দেয়া কঠিন হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সরকার শুল্কের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নতুন শুল্কের কারণে অর্থনীতির ওপর যে প্রভাব পড়বে, তা সামাল দেয়া কঠিন হবে না। আমরা আশাবাদী এর থেকে ভালো কিছু বেরিয়ে আসবে।’

রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা একথা বলেন।

এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। গত ২ এপ্রিল ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। অর্থ উপদেষ্টা বলেন, রমজান ও ঈদের সময় পণ্যের দাম স্থিতিশীল ছিল, যা জনসাধারণকে স্বস্তি দিয়েছে।

তিনি আরো বলেন, ‘এবার মানুষের ঈদ ভালো কেটেছে। মার্চ মাসে দেশে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।’