মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) পরিচালনা পর্ষদের ৩১৪তম সভায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সৈয়দ মঞ্জুর এলাহী ও ভাইস চেয়ারম্যান হিসেবে রাশেদ আহমেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দ মঞ্জুর এলাহী এমটিবি ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ব্যবসায় ও শিল্প খাতে অসামান্য অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমেরিকান চেম্বার অব কমার্সের বিজনেস এক্সিকিউটিভ অব দ্য ইয়ার ২০০০ এবং ডেইলি স্টার ও ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেসের বিজনেস পারসন অব দ্য ইয়ার ২০০২।
তিনি ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এপেক্স গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, সানবিমস স্কুলসহ একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের সদস্য।
সৈয়দ মঞ্জুর এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। এমটিবির ভাইস চেয়ারম্যান এবং বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে গত দুই বছর তিনি দায়িত্ব পালন করেছেন।
রাশেদ আহমেদ চৌধুরী এমটিবির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ব্যাংকের বোর্ড ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি এবিসি বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেড ও এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক।
তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য।
রাশেদ আহমেদ চৌধুরী চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যুক্তরাজ্যের একজন সদস্য। —বিজ্ঞপ্তি










