পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) আয়োজন করেছে দ্বিতীয় টেকসই উন্নয়ন অলিম্পিয়াড ২০২৫। বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আইইউবিএটির পরিবেশবিজ্ঞান বিভাগ, টেকসই বিজ্ঞান ইনস্টিটিউট, গ্রেটার ঢাকা আরসিই ও বিশ্ববিদ্যালয়ের জ্ঞানভিত্তিক এলাকা উন্নয়ন কর্মসূচি। প্রতিযোগিতায় দেশের ২৫টি কলেজ থেকে প্রায় ২৪০ জন শিক্ষার্থী অংশ নেন। এটি পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ে জ্ঞান বিনিময় ও সমাধান প্রদানের এক প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি ও প্রধান ড. সুসান ভাইজ। সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকিপ্রবণতা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ মোনিরুজ্জামান খান এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মানবিক জরুরি কার্যক্রম ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিভাগের পরিচালক দুলন জোসেফ গোমেস।
এছাড়া ২৫টি কলেজের অধ্যক্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজনে ছিল অংশগ্রহণমূলক আলোচনা, জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ও মুক্ত সংলাপ। শিক্ষার্থীরা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী সমাধান প্রস্তাব করেন। অনুষ্ঠানে ১০ জন কলেজ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এই আয়োজন সহ-আয়োজক ও পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব বলেন, এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করবে ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে তাদের সক্রিয় করবে। তিনি জানান, এ উদ্যোগের মাধ্যমে আইইউবিএটি পরিবেশ শিক্ষা প্রসার ও সবুজ উদ্যোগ বাস্তবায়নে সামাজিক ও একাডেমিক দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেন শিক্ষাবিদ প্রফেসর ড. এম আলিমউল্লাহ মিয়ান। বর্তমানে এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো শিক্ষার্থী পড়াশোনা করছে। পাশাপাশি এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থীও এখানে অধ্যয়ন করছে, যা এক বৈচিত্র্যময় ও প্রাণবন্ত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করেছে।
—বিজ্ঞপ্তি










