তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত ‘হট্টগোল শিশু উৎসব’ এর প্রথম দিনে অংশ নিয়েছে দুই শতাধিক শিশু। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ক্রাফট ও আর্টের ওয়ার্কশপের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনের উদ্বোধনে ছিল না কোনো আনুষ্ঠানিকতা। সবাই সমবেত হয়ে মঞ্চেই ঘোষণা করে উদ্বোধনের। সঙ্গে সারা দিন চলেছে উদ্যোক্তা মেলা। শিশুপণ্যকে প্রাধান্য দিয়ে দেশের ১১টি উদ্যোক্তা প্রতিষ্ঠান নিয়ে মেলা সাজানো হয়েছে।

শহরের ইট-কাঠের দেয়ালে বন্দি শিশুদের ঘিরেই সাজানো হয়েছে নানা আয়োজন। প্রথমবারের মতো দেশী খাবারের রেস্তোরাঁ এন’স কিচেন ও ইভেন্ট হাউস বর্তুল এ উৎসবের আয়োজন করেছে।

বিকালে পাপেট শো ‘জলপাই কোথায়’ ও পাপেট ওয়ার্কশপের সমাপনীতে শিশুদের সমস্বরে চিৎকার আবার করতে হবে এই শো। ফলে একই দিনে দুই দফা পাপেট ওয়ার্কশপ ও পাপেট শো করা হয়।

বিকালে শিশু ও তাদের অভিভাবকদের জন্য সংগীত পরিবেশন করেন জাগতিক ও মানজুর বিপুল। তিনি শুরু করেন ‘সবকটা জানালা খুলে দাও না’ গানটি দিয়ে। শেষ করেন ‘এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে...’ গানটির মাধ্যমে।

আগামীকাল শনিবার (৪ জানুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত থাকবে ‘গান আড্ডা’। এ আয়োজন পরিচালনা করবেন ‘যাদুর কাঠি ও মল্লিক ঐশ্বর্য’। এ সময় আমন্ত্রণ জানানো হয়েছে সুবিধাবঞ্চিত স্কুলের ২০ পথশিশুকে। তারাও অংশ নেবে এ আয়োজনে।

বিকালে রয়েছে অভিনয় কর্মশালা ও নাট্য প্রদর্শনী, বটতলা নাট্যদলের শিশু অভিনেতাদের অংশগ্রহণে প্রদর্শিত হবে বিশেষ নাটক ‘গুপীবাঘা’। প্রদর্শনীর সঙ্গে থাকছে অভিনয় কর্মশালা। এটি পরিচালনা করবেন নাট্য নির্দেশক আলী হায়দার ও হুমায়ুন আজম রেওয়াজ।

সমাপনী অনুষ্ঠান ও সঙ্গীত সন্ধ্যায় অংশ নেবে ‘জলের গান’

শিশুদের জন্য এই সুবিশাল আয়োজনে আরও থাকছে ‘শৈশব’। বাচ্চাদের মজার মজার অ্যাক্টিভিটি শেখাতে থাকছে শৈশব। বেলা আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত অ্যাক্টিভিটি শেখাবে শৈশব।

এ সম্পূর্ণ আয়োজন শিশুদের জন্য। পাশাপাশি থাকছে দেশীয় পণ্যের প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে- মাদল, দীঘল, দয়ীতা, ফুলবিলাস, শখের ডিব্বা, সিল্ক অ্যান্ডি বাই মিতুসহ আরো অনেকে।

পুরো আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে লাইফস্টাইল পোর্টাল ‘হালফ্যাশন’। —বিজ্ঞপ্তি