দেশের চলমান পরিস্থিতির কারণে পরিচ্ছন্নতাকর্মী তাদের দায়িত্ব পালন করতে না পারায় অপ্রত্যাশিত আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ৪১টি ওয়ার্ডের ২১০০-এর বেশি পরিচ্ছন্নতাকর্মীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।
সময়োপযোগী এ উদ্যোগ বাস্তবায়নে, ইউবিএল তাদের উন্নয়ন সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনে (ইপসা) মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আর্থিক সহায়তা বাড়িয়ে দিয়েছে। সংগঠনটি চট্টগ্রামে ইউনিলিভারের উদ্যোগটি বাস্তবায়ন করছে।
২০২২ সাল থেকে ইউবিএল দেশের বৃহত্তম পৌরসভাভিত্তিক প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিচালনা করছে। বর্তমানে ইউনিলিভারের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছে ২,১০০ পরিচ্ছন্নতাকর্মী এবং তাদের জীবিকার প্রবৃদ্ধি চট্টগ্রামের এ প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এজন্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটি ১ আগস্ট থেকে পরিচ্ছন্নতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে। বাড়তি সহায়তা ছাড়াও এ কঠিন সময়ে তাদের আয় টিকিয়ে রাখতে প্রকল্পটির মাধ্যমে সীমিত আকারে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
বাংলাদেশে ছয় দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। প্রতিষ্ঠানটির ব্যবসার বিভিন্ন দিক, যেমন নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, উৎপাদনশীলতা এবং গুণমানের ক্ষেত্রে ইউবিএল একটি ব্যতিক্রমী মানদণ্ড স্থাপন করেছে। বাংলাদেশের জন্য একটি ক্ষমতায়ন এবং পরিবেশগতভাবে দায়িত্বশীল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কার্যকর সহায়তা উদ্যোগ চালিয়ে যাবে। —বিজ্ঞপ্তি










