ফিলিপাইনের ম্যানিলায় আয়োজিত দ্বিতীয় এশিয়ান ইউনিভার্সিটি অব দ্য প্যাসিফিক (এইউএপি) ইংরেজি ছাত্র বিতর্ক প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ডিবেটিং ক্লাব দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে, ডিআইইউ দলের সদস্য জান্নাতুল ফেরদৌস জুসি পুরো প্রতিযোগিতায় সেরা নারী বিতার্কিকের পুরস্কার জিতেছেন।

৮ ও ৯ এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় ডিআইইউ ডিবেটিং ক্লাবের তিন সদস্য—জান্নাতুল ফেরদৌস জুসি, অমিত সাহা ও খান মো. ওমর ফারুক। ডিবেটিং ক্লাবের মডারেটর আফতাব হোসেনের নেতৃত্বে দলটি ফিলিপাইনের ম্যানিলায় উপস্থিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

রিজাল টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, দ্য মাস্টার্স ইনস্টিটিউট ডেভেলপমেন্ট একাডেমি অ্যান্ড সেমিনারি ও এইউএপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ডিআইইউ দ্বিতীয় রানার আপ হয়। সেরা তিনের মধ্যে জায়গা করে নেয়ার মাধ্যমে ডিআইইউ ডিবেটিং ক্লাব দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

উল্লেখ্য, প্রতিযোগিতার সমাপনী পর্বে জান্নাতুল ফেরদৌস জুসি, অমিত সাহা ও খান মো. ওমর ফারুক পুরস্কার গ্রহণ করেন। তাদের সঙ্গে ছিলেন ক্লাবের মডারেটর আফতাব হোসেন।

—বিজ্ঞপ্তি