গায়ানার জাতীয় ও আঞ্চলিক নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথের একটি আন্তর্জাতিক দলে যোগ দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিয়ার সাদাত। আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ তাকে আমন্ত্রণ জানিয়েছে।
১১ সদস্যের এ দলে আইন, নির্বাচন, প্রশাসন, কূটনীতি, মানবাধিকার, সুশীল সমাজ, রাজনীতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ আন্তর্জাতিক ব্যক্তিত্বরা রয়েছেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন টঙ্গার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফেকিতামোয়েলোয়া কাতোয়া ‘উতোইকামানু’।
এ পর্যবেক্ষক দলের মূল কাজ, গায়ানার পুরো নির্বাচনী প্রক্রিয়া মূল্যায়ন করা ও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতাকে প্রভাবিত করতে পারে- এমন বিষয়গুলো চিহ্নিত করা। তারা যাচাই করবেন নির্বাচনটি কমনওয়েলথ সদস্য দেশগুলোর নীতিমালা, কমনওয়েলথ সনদ এবং দেশটির জাতীয় আইন ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা।
লন্ডনে পর্যবেক্ষক দল ঘোষণার সময় কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বলেন, কমনওয়েলথ অবজারভার গ্রুপ সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে। এই দলটি গায়ানার ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়াকে আরো শক্তিশালী ও স্বচ্ছ করতে প্রাতিষ্ঠানিক ও প্রক্রিয়াগত সুপারিশ প্রদান করতে পারবে।
পর্যবেক্ষক দলটি ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত গায়ানায় অবস্থান করবে। নির্বাচন শেষে তারা একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে, যেখানে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ অন্তর্ভুক্ত থাকবে। পরবর্তীতে এ প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিব, গায়ানার সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারের কাছে পাঠানো হবে।
—বিজ্ঞপ্তি










