বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এবং যুক্তরাষ্ট্রের কপিন স্টেট ইউনিভার্সিটি (সিএসইউ) একাডেমিক ও গবেষণাগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সোমবার (১৫ জানুয়ারি) স্বাক্ষর করা এই সমঝোতা স্মারকের মাধ্যমে গবেষণা, ছাত্র-শিক্ষক বিনিময়, প্রোগ্রাম উন্নয়ন ও যৌথ একাডেমিক কার্যক্রম এগিয়ে নেয়া হবে।
বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান ও কপিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান বলেন, এই চুক্তি পোশাক, টেক্সটাইল ও ফ্যাশন টেকনোলজির শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একাডেমিক সহযোগিতার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে দক্ষ করে তুলতে পারব।
অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, এই সহযোগিতা আগামী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। এর মাধ্যমে উদ্ভাবনকে আরো এগিয়ে নেয়া যাবে। এতে উভয় প্রতিষ্ঠানের উপকার হবে। —বিজ্ঞপ্তি










