বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ শপআপ ১১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে এবং একইসঙ্গে সৌদিভিত্তিক বিটুবি সেবা ও মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম সারির সঙ্গে একীভূত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এটি বাংলাদেশের স্টার্টআপের বৈশ্বিক সম্প্রসারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোর একটি।
প্রেস উইং জানিয়েছে, এটি একটি স্পষ্ট আভাস যে, বাংলাদেশি স্টার্টআপগুলো বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত। এ গতি ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক একটি যুগান্তকারী স্টার্টআপ তহবিল উদ্যোগে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে ৮০০ কোটি টাকা (প্রায় ৬৬ মিলিয়ন মার্কিন ডলার) ইক্যুইটি এবং ৪০০ কোটি টাকা (প্রায় ৩৩ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ। এ তহবিলটি প্রারম্ভিক ও বিকাশধর্মী পর্যায়ের স্টার্টআপগুলোর জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে, যা স্থানীয় উদ্যোক্তাদের উদ্ভাবন, প্রসার এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সক্ষম করে তুলবে।










