তরুণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজার, বিনিয়োগ ও অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি ও এক্সিলেন্স বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর বনানীতে অবস্থিত লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজির আবরার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত সমঝোতার আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার ও বিনিয়োগ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষামূলক আলোচনা, সেমিনার, শিক্ষার্থী প্রতিযোগিতা, ক্যাম্পাস অ্যাম্বাসেডর কার্যক্রম এবং ডিজিটাল প্রচারণাসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হবে। এ অংশীদারত্বের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের ১০ লাখ শিক্ষার্থীর কাছে পুঁজিবাজার ও বিনিয়োগ বিষয়ে প্রাথমিক ও প্রয়োজনীয় জ্ঞান পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তরুণদের মধ্যে সঠিক আর্থিক জ্ঞান তৈরি এবং দায়িত্বশীল বিনিয়োগের সংস্কৃতি গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সমঝোতার মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়, তরুণ প্রজন্ম এবং পুঁজিবাজারের মধ্যে একটি কার্যকর ও টেকসই সংযোগ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিক সিদ্ধান্ত গ্রহণে আরো সচেতন ও দক্ষ করে তোলার প্রত্যাশা করছে দুই প্রতিষ্ঠান।