উপজেলা পর্যায়ের দরপত্রদাতাদের জন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করেছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)। বুধবার (৯ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিপিপিএ প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এতে ৩৫ জন দরপত্রদাতা অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, কর্মসূচিটি তাদের জন্য শিক্ষণীয় ও কার্যকর ছিল।
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের (বিসিসিপি)ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা আশফাকুর রহমান। অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ক্রয়কারী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দোহাটেকের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এ.এস.এম. শরিফুল হক শ্রীমঙ্গলে বিপিপিএর পক্ষে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণে অংশ নেয়া হেলেনা চৌধুরী নামের এক নারী দরপত্রদাতা ই-জিপি সিস্টেমের ওপর হাতে-কলমে প্রশিক্ষণের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, আগে এই কাজের জন্য অন্যের ওপর নির্ভর করতে হত। কিন্তু এখন কাজটি নিজেই করা সম্ভব।
তিনি আরো বলেন, এখন যেহেতু সবকিছু অনলাইনে করতে হয়, তাই ই-জিপি ব্যবহারের ওপর প্রশিক্ষণ পাওয়া একটি বড় অর্জন। ই-জিপির মাধ্যমে টেন্ডারিং ব্যবসায় অংশ নেয়া অনেক সহজ হয়ে গেছে। কারণ সব কাজ এখন ঘরে বসেই করা যায়। আগে ই-জিপিতে কাজ করা ভয়ের বিষয় ছিল। কিন্তু আজকের প্রশিক্ষণের পর আত্মবিশ্বাস বেড়ে গেছে। এখন আরো ভালোভাবে কাজ করা যাবে। কোনো অসুবিধা হলে ই-জিপি হেল্প ডেস্কের সাহায্য নেয়া যাবে, যা আজকের প্রশিক্ষণে শেখানো হয়েছে। তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে সহায়তা পেতে নারীদের অগ্রাধিকার দেয়ার জন্য বিপিপিএর হস্তক্ষেপ কামনা করেন।
আরেক দরদাতা দেলোয়ার হোসেন বলেন, তিনি আগে কম্পিউটার দোকানে দরপত্র জমা দেয়ার কাজ করাতেন, যেখানে তাকে পাসওয়ার্ড শেয়ার করতে হতো। এখন তিনি মনে করেন, এই প্রশিক্ষণ থেকে যে শিক্ষা পেয়েছেন, তাতে তিনি নিজেই কাজটি করতে পারবেন।
বিপিপিএ জানিয়েছে, উপজেলা পর্যায়ের দরপত্রদাতাদের জন্য পরবর্তী ওরিয়েন্টেশন কর্মসূচি আগামী ১৫ এপ্রিল চরফ্যাসন উপজেলায় অনুষ্ঠিত হবে।
—বিজ্ঞপ্তি










