ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের (ক্রাব) পরিচালনা পর্ষদের ১০৩তম সভায় সর্বসম্মতিক্রমে নূর এ আলম চৌধুরী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এ সিদ্ধান্ত গত ২২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
নূর এ আলম চৌধুরী ২০১৬ সাল থেকে ক্রাবের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রয়াত সৈয়দ মনজুর এলাহীর স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ছিলেন ক্র্যাবের একজন প্রতিষ্ঠাতা পরিচালক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের সাবেক চেয়ারম্যান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন নূর এ আলম চৌধুরী। তিনি বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বীমা, রসায়ন এবং ব্যাংকিং খাতে উচ্চ পদে কাজ করেছেন। বহুজাতিক কর্মজীবন থেকে অবসর নিয়ে তিনি Data Edge Ltd. সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি BD Venture Limited-এর চেয়ারম্যান এবং Food Edge Limited-এর ব্যবস্থাপনা পরিচালক, যার অধীনে পরিচালিত ‘Bread & Beyond’ বর্তমানে দেশের জনপ্রিয় রিটেইল ব্র্যান্ডগুলোর একটি।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এক বিবৃতিতে নূর এ আলম চৌধুরী বলেন, ‘ক্র্যাবের সুপ্রতিষ্ঠিত করপোরেট গভর্ন্যান্স এবং পেশাদারত্ব বজায় রাখার পাশাপাশি, ক্রেডিট রেটিং খাতে উদ্ভাবনী ও ডিজিটাল সমাধান বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্র্যাব আশা করছে, তার দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি আর্থিক খাতের অংশীদারদের সঙ্গে সহযোগিতায় নতুন উচ্চতায় পৌঁছাবে। —বিজ্ঞপ্তি










