দেশে যাত্রা শুরু করল পেমেন্ট গেটওয়ে সিস্টেম পেপারলেস। বুধবার ( ১৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পেপারলেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দন্তচিকিৎসা ডা. নজরুল ইসলাম বলেন, আমরা এটা শুরু করেছিলাম ২০১৯ সালে। একটা দীর্ঘ সময়। এ সময়ে আমাদের সঙ্গে অনেকে ছিলেন। আমাদের বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকও আমাদের সহযোগিতা করেছেন।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক তাসফিক নেওয়াজ আমি পেপারলেস লিমিটেডকে শুভেচ্ছা জানাতে চাই। এটা অনেক দীর্ঘ জার্নি। এই পথে ভালো কাজটা করে যাওয়াই হবে তাদের মূল উদ্দেশ্য। আমি পেপারলেসকে অনুরোধ করব মানুষকে যেন তারা সর্বোচ্চ সেবাটা দিতে পারে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও যেন তারা তাদের সেবা পৌঁছে দিতে পারে। আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ শুরু করে যাব। একটা নতুন দিগন্তের সূচনা হউক এখান থেকে।

সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব বলেন, পেপারলেসের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের পেমেন্টের মেয়াদ কবে শেষ হবে এটা আগে থেকে জানিয়ে দেবে। এছাড়া কোন শপে কত শতাংশ ছাড়ে পণ্য পাওয়া যাবে এগুলোও জানা যাবে এ অ্যাপের মাধ্যমে। যারা সিটি ব্যাংকের গ্রাহক আছেন তারা পেপারলেস ব্যবহারের মাধ্যমে বিশেষ সুবিধা পাবেন।

পেপারলেস লিমিটেডের হেড অব বিজনেস অর্নব অদিত্য মামুন বলেন, আমাদের পেলারলেস গেটওয়ের সিস্টেমের মাধ্যমে আমরা মার্চেন্টদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারব। অন্যান্য যেসব পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে তাদের থেকে নিশ্চয় আরো বেশি সুবিধা পাবেন আমাদের মার্চেন্টরা। আমাদের সিকিউরিটি সিস্টেম হবে অনেক শক্তিশালী।

পেপারলেস লিমিটেড বাংলাদেশে একটি আর্থিক প্রযুক্তি কোম্পানি। ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় কোম্পানিটি। ২০২৩ সালে এটি পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসাবে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লাইসেন্স পেয়েছে।