গণতান্ত্রিক প্রজাতন্ত্র তিমুর-লেস্তে বা পূর্ব তিমুরের অনারারি কনসাল (সম্মানসূচক বাণিজ্য দূত) হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন শেলটেক গ্রুপ ও এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল খন্দকার মাসুদুল আলম তাকে এই স্বীকৃতির আনুষ্ঠানিক চিঠি দেন।
গত বছরের অক্টোবরে তিমুর-লেস্তের সরকার কুতুবউদ্দিন আহমেদকে বাংলাদেশে তাদের অনারারি কনসাল হিসেবে নিয়োগ দেয়।
শেলটেক গ্রুপ, এনভয় লিগ্যাসি ও এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এই নিয়োগকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় বলে অভিহিত করেন। তিনি বলেন, তিমুর-লেস্তের অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়ে আমি গর্বিত। এটি দুই দেশের সম্পর্কের নতুন যুগের সূচনা করেছে। এটি বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে।
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশের ব্যবসায়িক ও সামাজিক ক্ষেত্রে একজন সুপরিচিত নাম। তিনি বিজিএমইর সাবেক সভাপতি ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি। এর আগে, তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০০২ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন।
২০২০ সালে তিনি স্পেনের রাজা কর্তৃক স্প্যানিশ রয়্যাল অর্ডার অফ মেরিট এর নাইট অফিসার উপাধিতে ভূষিত হন। ২০১৬ সালে তিনি ডিএইচএল-ডেইলি স্টার কর্তৃক ‘বছরের ব্যবসায়িক ব্যক্তিত্ব’ স্বীকৃতি লাভ করেন।
উল্লেখ্য, কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি টেক্সটাইল, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, নির্মাণ শিল্প, সিরামিক, বিমান চলাচলসহ বিভিন্ন শিল্প খাতে দক্ষতার পরিচয় দিয়েছেন। —বিজ্ঞপ্তি










