বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিবিষয়ক জ্ঞান বাড়ানো। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে মাইলস্টোন কলেজ থেকে ইংরেজি মাধ্যমের ১১ শিক্ষার্থী বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। পরবর্তী সময়ে বিভাগীয় পর্বে ঢাকা বিভাগে কলেজটির শিক্ষার্থী আকরামুল ইসলাম ও উমায়ের ইসলাম তৃতীয় ও ষষ্ঠ স্থান অধিকার করে। চূড়ান্ত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সপ্তম স্থান অধিকার করে শিক্ষার্থী আকরামুল ইসলাম।
১৩ জুন আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজ দক্ষিণখানের উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্ নবী, অধ্যক্ষ মেজর (অব.) এমএইচএম মঈনউদ্দীন, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম এবং মাইলস্টোন দক্ষিণখানের পরিচালক ফাল্গুনী অধিকারী।










