খাদ্যপণ্যবাহী যান চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে এরই মধ্যে বন্দর খুলে দেয়া হয়েছে। খাদ্য পণ্যবাহী যান চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।’

গতকাল রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘বাজারে নিত্যপণ্যের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণে পণ্য রয়েছে। পণ্যের সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী আরো জানান, খাদ্যপণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো ভোগান্তি যেন না হয়, সেজন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। খাদ্যপণ্য পরিবহনের সময় কোনো ধরনের সমস্যা হলে সেখানে অভিযোগ করার অনুরোধ করেন তিনি।

আহসানুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াত নাশকতা চালিয়েছে এবং পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এরপরও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে।’ পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে সবজির দাম কমে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।