এ সহায়তার আওতায় ডায়াবেটিসজনিত চক্ষুরোগ, রেটিনার জটিলতা এবং নির্ভুল ও সূক্ষ্ম চক্ষু অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় উন্নত চিকিৎসাসেবা প্রদানে হাসপাতালটির সক্ষমতা জোরদার করা হবে।

এ উপলক্ষে বুধবার রাজধানীতে ইবিএলের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। অনুষ্ঠানে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক চোখের সেবা হাসপাতাল লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নজরুল ইসলামের হাতে ৭৫ লাখ টাকার চেক তুলে দেন।

সমঝোতা অনুযায়ী, চোখের সেবা হাসপাতাল দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বল্পমূল্যে চক্ষু পরামর্শ, চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা অব্যাহত রাখবে। এর মাধ্যমে মানসম্মত চক্ষু চিকিৎসা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম আরো সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়া মানুষের জীবনমান, আত্মনির্ভরতা ও মর্যাদা পুনরুদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট। ইবিএলের এ সহযোগিতা হাসপাতালের সেবাদান সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে সহায়ক হবে।’

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে চোখের সেবা হাসপাতাল দেশের মানুষের জন্য বিশেষায়িত চক্ষুসেবা দিয়ে আসছে। এ উদ্যোগের অংশীদার হতে পেরে ইবিএল আনন্দিত। পারস্পরিক এ সহযোগিতা হাসপাতালের সেবার পরিধি ও সক্ষমতা আরো বাড়াবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত চক্ষু চিকিৎসা সহজলভ্য করতে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে চোখের সেবা হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. মমিনুল ইসলাম, কনসালট্যান্ট ডা. মুনতাসসির ও আইটি অ্যান্ড মার্কেটিং কর্মকর্তা আয়াতুল আহাম্মেদ উপস্থিত ছিলেন। ইবিএলের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জিয়াউল করিম, প্রশাসন বিভাগের প্রধান মেজর মো. আব্দুস সালাম, কোম্পানি সেক্রেটারি মো. আবদুল্লাহ আল মামুন, বিজনেস ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান মো. মাসকুর রেজা, এফসিএ এবং ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মেজর আরিফ চৌধুরীসহ (অব.) উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।