চট্টগ্রাম বন্দরে বর্ধিত প্রবেশ ফি স্থগিত করার পর পণ্যবাহী গাড়ির মালিকদের সংগঠনগুলো কর্মসূচি প্রত্যাহার করেছে। রোববার (১৯ অক্টোবর) বন্দর কর্তৃপক্ষ মালিকদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।

এরপর নেতারা গাড়ি না চালানোর কর্মসূচি প্রত্যাহার করলে বিকেল সাড়ে ৫টা থেকে পুরোদমে পণ্য পরিবহন শুরু হয়েছে। এতে বন্দর দিয়ে কনটেইনার ও পণ্য পরিবহনে অচলাবস্থা কাটল।

১৫ অক্টোবর থেকে বন্দরে গড়ে ৪১ শতাংশ মাশুল কার্যকর হয়। এর মধ্যে ভারী যানবাহনের প্রবেশের ফি আগে ছিল ৫৭ টাকা। সেই ফি চার গুণ বাড়িয়ে করা হয়েছে ২৩০ টাকা।

এরপরই কোন ধরনের ঘোষণা ছাড়া গাড়ি চলাচল বন্ধ রাখেন পরিবহন মালিকেরা। প্রথম তিন দিন আমদানি পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে গত শনিবার থেকে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এ পরিস্থিতিতে রোববার দুপুরে বন্দর ভবনে গাড়ি মালিক সমিতির নেতাদের সঙ্গে বন্দর চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বর্ধিত প্রবেশ ফি স্থগিত করে এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ করার আশ্বাস দেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

বৈঠকে উপস্থিত চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, বন্দর কর্তৃপক্ষ বর্ধিত ফিস আদায় স্থগিত করার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।