কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে কারফিউ বলবৎ রয়েছে। এমন পরিস্থিতিতে ২৮, ২৯ ও ৩০ জুলাই (রবি, সোম ও মঙ্গলবার) নতুন সময়সূচিতে চলবে চেক ক্লিয়ারিং হাউজ। গতকাল বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, আরটিজিএসের গ্রাহক লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ২টা ৪৫ মিনিট পর্যন্ত। আন্তঃব্যাংক ট্রান্সফার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। এছাড়া বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে।

বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এ তিন প্লাটফর্মের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী চলবে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়ে থাকে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়। হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো বেলা ২টা ১৫ মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার ভ্যালুর চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বেলা ২টা ৪৫ মিনিটের মধ্যে নিষ্পত্তি হ‌বে।

বাংলাদেশ ব্যাংকের আরেক নির্দেশনায় বলা হয়েছে, ২৮, ২৯ ও ৩০ জুলাই সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন হবে। ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। একই সঙ্গে ব্যাংক শাখাগুলোয় সব স্বাভাবিক লেনদেন চলবে।