উইনস্টন চার্চিল কিংবা জেন অস্টেনের মতো বিখ্যাত ব্যক্তিদের বদলে এবার ব্যাংকনোটের মূল ছবিতে স্থান পেতে পারে বিভিন্ন বন্যপ্রাণী। সম্প্রতি ব্যাংক অব ইংল্যান্ড নতুন ব্যাংকনোটের জন্য বন্যপ্রাণীদের একটি সংক্ষিপ্ত তালিকা বা শর্টলিস্ট প্রকাশ করেছে। তালিকায় রয়েছে পাফিন পাখি, ডলফিন ও মৌমাছির মতো পরিচিত সব প্রাণী। খবর দ্য গার্ডিয়ান।

ব্যাংক অব ইংল্যান্ড জানায়, মূলত জাল নোট প্রতিরোধ করার একটি বড় পদক্ষেপ এটি। ব্যাংকনোটের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে ও এর সহজলভ্যতা বাড়াতে কখনো কখনো নোটের ডিজাইন পরিবর্তন করা হয়।

ব্যাংক কর্তৃপক্ষের মতে, বন্যপ্রাণীর জটিল ছবি ও নকশা জাল নোট তৈরি করাকে কঠিন করে তোলে। একই সঙ্গে এটি যুক্তরাজ্যের সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্য উদযাপনেরও একটি দারুণ সুযোগ।

শর্টলিস্টটি তৈরি করতে সাহায্য করেছে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটি বিশেষ প্যানেল। তবে বিখ্যাত ব্যক্তিদের ছবি বাদ দিয়ে পশুপাখির ছবি দেয়ার সিদ্ধান্ত নিয়ে যুক্তরাজ্যে বেশ বিতর্কও শুরু হয়েছে। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনখ একে একটি ‘বোকা সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ বিষয়টিকে সম্পূর্ণ ‘পাগলামি’ বলে আখ্যা দেন।

এদিকে বন্যপ্রাণী সংস্থা আরএসপিসিএও ব্যাংকের এ তালিকার সমালোচনা করেছে। তাদের মতে, ডলফিন বা পাফিনের মতো সুন্দর প্রাণীদের বদলে পায়রা, ইঁদুর ও গাঙচিলের মতো অবহেলিত প্রাণীদের এ তালিকায় অগ্রাধিকার দেয়া উচিত ছিল। উল্লেখ্য, নতুন ডিজাইন বর্তমানের ৫, ১০, ২০ ও ৫০ পাউন্ডের নোটে জায়গা নেবে।