বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) তাদের স্প্রিং ২০২৫ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে নবাগতদের শিক্ষাজীবনের নতুন যাত্রায় স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিকে. গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মাদ মুস্তাফা হায়দার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে জীবনে সফল হওয়া সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও শিক্ষা জীবনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়। এটি সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার।
বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক স্বাস্থ্য সচিব এ এফ এম সরওয়ার কামাল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুরুত্ব এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে উৎকর্ষ অর্জনের উপায় নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য ও উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ। তিনি মানবিক মূল্যবোধ, নৈতিক উৎকর্ষতা ও দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ ও ক্যারিয়ার গাইডেন্স বিভাগের কর্মকর্তারা শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা নবীন শিক্ষার্থীদের জন্য দিনটিকে আরো স্মরণীয় করে তোলে। —বিজ্ঞপ্তি










