বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টের উদ্বোধন হয়েছে। ফেস্টটি আজ ও আগামীকাল দুই দিনব্যাপী চলবে।
আজ শনিবার (১১ জানুয়ারি) বিইউএফটি ক্যাম্পাসে আয়োজিত ফেস্টের প্রথম দিনে উপস্থিত ছিলেন ১০০টিরও বেশি প্রতিষ্ঠান, ৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী ও ২০ হাজার দর্শনার্থী। এতে চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে যুক্ত হয়ে ইন্টারভিউ দেয়ার সুযোগ পান।

ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় আয়োজিত ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ মতিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এন্ডইর ব্যবস্থাপনা পরিচালক সায়েদ আরেফিন। স্বাগত বক্তব্য দেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ মতিন চৌধুরী শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শুধু গ্রেড বা ডিগ্রি দিয়ে সফল হওয়া যায় না। ইংরেজি ভাষার দক্ষতা না থাকার কারণে আমাদের নেতৃত্বের জায়গা অন্যের হাতে দিতে হচ্ছে।
অনুষ্ঠানের প্লাটিনাম স্পন্সর বিজিএমইএ এবং এন্ডই। গোল্ড স্পন্সর শিন শিন গ্রুপ, ইউসিবি, রোসারি, ফুকলার ও ইয়াংওয়ান। ব্রোঞ্জ স্পন্সর ট্যাড গ্রুপ, লিজ ফ্যাশন, টিম গ্রুপ ও ডাইসিন। মিডিয়া পার্টনার চ্যানেল ২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বণিক বার্তা, দ্য ডেইলি ক্যাম্পাস, টেক্সটাইল ফোকাস এবং টেক্সটাইল টুডে।
বিইউএফটি জানিয়েছে, ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট একটি ঐতিহাসিক সাফল্যে পরিণত হয়েছে। তারা আয়োজনে অংশগ্রহণকারী, স্পন্সর ও মিডিয়া প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।










