ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও পর্যটন খাতে প্রবৃদ্ধি আনতে একসঙ্গে কাজ করবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও এসএমই ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) এসব প্রতিষ্ঠান পৃথকভাবে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
এসএমই উদ্যোক্তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে ব্যবসার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, ভাষাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও সার্টিফিকেশনসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ও এনএসডিএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এসএমই ফাউন্ডেশনের পক্ষে মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার ও এনএসডিএর পক্ষে মো. জোহর আলী চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসডিএর চেয়ারম্যান নাসরীন আফরোজ ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
পরে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে বিটিবি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই চুক্তিতে বিটিবির পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। সমঝোতার আওতায় নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নেয়া হবে। পর্যটন খাতের বিকাশ, ইকোট্যুরিজমের প্রসার ও এসএমই পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করবে এ দুটি প্রতিষ্ঠান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে ৭৮ লাখের বেশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যা দেশের মোট শিল্পের ৯৯ শতাংশ। এই খাতে প্রায় আড়াই কোটি কর্মী নিয়োজিত রয়েছে। জাতীয় অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩২ শতাংশ।
প্রসঙ্গত, ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশন সরকারের শিল্পনীতি ২০২২ ও এসডিজি ২০৩০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ পর্যন্ত ২০ লাখের বেশি উদ্যোক্তা প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী হয়েছেন।










