নতুন গাড়ি কিনলে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়ার মাধ্যমে উদযাপনের চল রয়েছে। যুক্তরাষ্ট্রে এমন অনেক গাড়ির মালিক রয়েছেন, যারা ১৪ বছর আগে সর্বশেষ পার্টিটি দিয়েছেন। এ প্রবণতা ব্যক্তিগত গাড়ি ছাড়াও অন্যান্য বাহনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। গাড়ি শিল্পের পরামর্শক সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটির সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য হিল।

যুক্তরাষ্ট্রজুড়ে গাড়ির নিবন্ধন তথ্য সংগ্রহ করেছে সংস্থাটি। এরপর বিশ্লেষণ করে দেখেছে, যুক্তরাষ্ট্রের সড়কে কিছু যাত্রীবাহী গাড়ির গড় বয়স এখন ১৪ বছর। হালকা ট্রাকের ক্ষেত্রে গড় বয়স ১১ বছর ৯ মাস। সব যানবাহনের ক্ষেত্রে গড় বয়স ১২ বছর ৬ মাস।

এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটির গবেষণা অনুসারে, মূল্যস্ফীতির কারণে অনেকেই দীর্ঘ সময় ধরে একই গাড়ি ব্যবহার করছেন। প্রযুক্তিগত পরিবর্তন ও উচ্চ মূল্যের কারণে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) কেনার প্রতি অনেক চালকের অনীহাকেও গবেষণায় কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।

গবেষক নিশান্ত পারেখ ও টড ক্যাম্পাউ বলেন, ‘এসব কারণে ভোক্তারা তাদের যানবাহনকে দীর্ঘদিন ধরে সড়কে রেখেছে। যা পরিবহনের গড় বয়সকে ঊর্ধ্বমুখী করছে।’ 

এসঅ্যান্ডপির দেয়া তথ্যানুসারে, চলতি বছরের মার্চে নতুন একটি গাড়ির গড় মূল্য ছিল ৪৭ হাজার ডলারের বেশি। এ বিষয়ে গাড়ির বাজারবিষয়ক লেখক ড্যান নিল বলেন, ‘ভোক্তাদের মধ্যে অনেকে বিশ্বাস করেন যে অটোমেকাররা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ অফার বললেও তাদের ব্যবহার করা গাড়ির চেয়ে নতুনগুলো খারাপ মানের।’

এর কারণ হিসেবে প্রযুক্তিগত পরিবর্তনকে সামনে নিয়ে আসেন ড্যান নিল। এর মধ্যে ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশের পরিবর্তন রয়েছে, যা ব্যবহারে পুরনো চালকরা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আবার অনেকেই মনে করেন, ডিজিটালভাবে সংযুক্ত গাড়িগুলোর মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়।

এ নতুন প্রবণতা থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন ব্যবহৃত গাড়ি ব্যবসায়ীরা। কারস ডটকম জানিয়েছে, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত গাড়ির সরবরাহ ২০২২ সালের একই সময়ের তুলনায় ৪ শতাংশ কম ছিল। ওই সময় আট লাখের কম ব্যবহৃত গাড়ি হাতবদল হয়েছে। বর্তমানে এ ধরনের গাড়ির গড় মূল্য ৩ শতাংশ কমে ২৮ হাজার ৮৫৯ ডলারের মতো। কিন্তু এ খরচ কভিড-১৯ মহামারীর আগের তুলনায় এখনো ৩৬ শতাংশ বেশি।

এসঅ্যান্ডপির জরিপ অনুসারে, একই গাড়ির দীর্ঘদিনের ব্যবহার কিছু ব্যবসার জন্য ভালো। আফটার মার্কেট ও যানবাহন পরিষেবা খাতের কোম্পানিগুলোর ব্যবসার সুযোগ বাড়ছে। কারণ বয়সের সঙ্গে সঙ্গে গাড়ির মেরামতের পরিমাণও বাড়ে। 

আই সি কারস নামের একটি বিক্রয় সাইটের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে সড়কে রয়েছে এমন শীর্ষ দশটি গাড়ির তালিকায় রয়েছে হোন্ডা, টয়োটা ও সুবারু।