আবারো লোকসানে পড়েছে প্রযুক্তি খাতে বিনিয়োগকারী জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক। তবে ব্রিটিশ সেমিকন্ডাক্টর ফার্ম আর্মে হোল্ডিংসহ কোম্পানিটির প্রযুক্তি খাতে বিনিয়োগ করা শেয়ারগুলো ভালো পারফর্ম করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

এলএসইজির জরিপে অংশ নেয়া দুই বিশ্লেষকের গড় অনুসারে, সফটব্যাংক মার্চ শেষ হওয়া প্রান্তিকে রেকর্ড ৪৬ কোটি ২৭ লাখ ডলার নিট লোকসান করেছে। তবে সফটব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বিনিয়োগের জন্য তারা প্রস্তুত রয়েছে। তবে সতর্কতা অবলম্বন করার ওপর জোর দিয়েছেন।

ব্রিটেনভিত্তিক সেমিকন্ডাক্টর কোম্পানি আর্মে ৯০ শতাংশ অংশীদারত্ব রয়েছে সফটব্যাংকের। কোম্পানিটির শেয়ারের দাম গত ফেব্রুয়ারিতে প্রায় দ্বিগুণ বেড়ে যায়। কারণ জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) গ্রহণের পর থেকে শক্তিশালী মুনাফা অর্জন করে আর্মে। কিন্তু আর্মের শেয়ারের দাম সফটব্যাংকের আয়ের সঙ্গে যোগ হয় না। কারণ এটি সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা।

সফটব্যাংকের অন্যান্য তালিকাভুক্ত সম্পদের পারফরম্যান্স ওই প্রান্তিকে মিশ্র ছিল। যেমন কুপাং ও ডোরড্যাসের শেয়ারদর বেড়েছে কিন্তু ডিগি গ্লোবাল ও গ্র্যাব হোল্ডিংসের শেয়ারদর কমেছে। ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও) বাজারও স্থবির ছিল, যা বিশ্লেষকদের অ-তালিকাভুক্ত টেক স্টার্টআপগুলোর সফটব্যাংকের পোর্টফোলিওর জন্য নগদীকরণের সম্ভাবনাকে অনিশ্চিত রেখেছিল।

নোমুরা সিকিউরিটিজের ক্রেডিট বিশ্লেষক শোগো টোনোর হিসাব অনুযায়ী, সফটব্যাংক ২০২৩ সালের শেষের দিকে তারল্য, মার্চে জারি করা বন্ডের আয় এবং তার আর্ম স্টেকের ওপর একটি মার্জিন ঋণ নিয়ে আলোচনার মাধ্যমে ৩ হাজার কোটি ডলার পর্যন্ত তহবিল দিতে পারে।