গবেষণা ও উদ্ভাবনের উন্নয়নে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনকে আরো সমৃদ্ধ করতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) চারদিনব্যাপী 'রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ' অনুষ্ঠিত হয়েছে। নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। মঙ্গলবার (২৬ আগস্ট) এ আয়োজন শেষ হয়েছে।
চারদিনব্যাপী এ আয়োজনে বুয়েট ও ইউআইইউর শিক্ষাবিদ, ২০টির বেশি শিল্পপ্রতিষ্ঠানের খ্যাতনামা ব্যক্তিত্ব এবং চার শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজনের মধ্যে ছিল বক্তৃতা, প্যানেল আলোচনা, গবেষণা উপস্থাপনা ও শিক্ষার্থীদের জন্য পোস্টার প্রতিযোগিতা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক হাসান সারওয়ার। প্রথম দিনেই সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর উদ্ভাবন, ডিজিটাল স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকসই উন্নয়ন ও নতুন প্রজন্মের ব্যবসায়িক দক্ষতা নিয়ে আলোচনা হয়। সামাজিক বিজ্ঞান অধিবেশনে শিক্ষা গবেষণা, গণমাধ্যমের ভূমিকা ও মানবিক তহবিল ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় হয়। অন্যদিকে, জীবন বিজ্ঞান বিষয়ক অধিবেশনে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ, অণুজীব, জিনোমিক্স, ফার্মাসিউটিক্যাল উদ্ভাবন ও জৈবপ্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে আন্তঃবিষয়ক গবেষণার গুরুত্ব তুলে ধরা হয়।
সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সেফালো বাংলাদেশ, উলকাসেমি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, সাজিদা ফাউন্ডেশন, এস্কিমি, বেঙ্গল মিট, ইন্সপিরা অ্যাডভাইসরি, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার, যমুনা টিভি, ভয়েস অফ আমেরিকা ও আইসিডিডিআরবি।
সমাপনী দিনে বৈজ্ঞানিক পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোকে পুরস্কার তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মাজিদ। অতিথি ও অনুষদের সদস্যরা পোস্টারগুলো মূল্যায়ন করে সৃজনশীলতা, গবেষণার গভীরতা, উপস্থাপন ও টেকসই প্রভাবের ভিত্তিতে সেরা দল বাছাই করেন।
ইউআইইউ কর্তৃপক্ষ জানায়, শিক্ষাক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের উপযুক্ত ধারণাগুলো কর্মক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য তারা শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পের মধ্যে সহযোগিতা বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










