বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) সাবেক পর্ষদের কতিপয় সদস্য গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করে। এ সময় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান রেজাউল হক দাবি করেন, অর্থ পাচারকারীদের কবল থেকে ব্যাংকটি পুনরুদ্ধার করে বর্তমান অবৈধ পর্ষদ ভেঙে দিতে হবে। প্রকৃত মালিক ও প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে ব্যাংকটির মালিকানা হস্তান্তর করতে হবে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ২০১৭ সালে জোরপূর্বক পরিচালনা পর্ষদ ও মালিকানা পরিবর্তন করা হয়। পরে বেশ কয়েকজন উদ্যোক্তা ও পরিচালককে বাদ দিয়ে মালিকানায় আসে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন শেয়ারধারী তোফাজ্জল হোসেন তপু। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকটির সাবেক পরিচালক আনিসুল হক, আসাদুজ্জামান, সুলতান মাহমুদ চৌধুরী, আব্দুর রহমানসহ বেশ কয়েকজন উদ্যোক্তা ও শেয়ারধারী।










