নারীর ক্ষমতায়ন ও পেশাগত উন্নয়নে বিশেষ অবদান রাখায় ২৫টি পোশাক কারখানাকে থ্রাইভ চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড দিয়েছে ইউএসএআইডি, পিভিএইচ এবং কেয়ার বাংলাদেশ। এ উপলক্ষে আজ (১২ ডিসেম্বর) ঢাকার লা মেরিডিয়ান হোটেলে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নারী কর্মীদের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড পিভিএইচের সাপ্লাই চেইনভুক্ত ফ্যাক্টরির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে উপস্থিত সদস্যরা পোশাক খাতে নারী কর্মীদের ব্যক্তিগত উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে ব্যক্তিগত উন্নয়ন ও পেশাগত উৎকর্ষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় মোট ৯টি ক্যাটাগরিতে ২৫টি পিভিএইচ সাপ্লাই চেইন কারখানাকে থ্রাইভ চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্ন্যান্স অফিসের উপ-পরিচালক ব্লেয়ার কিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিভিএইচ বাংলাদেশের সিনিয়র পরিচালক ও কান্ট্রি ম্যানেজার নাজীব সাঈদ এবং কেয়ার বাংলাদেশ এর প্রধান রাম দাশ। এছাড়া ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ প্রকল্পের চিফ অব পার্টি আমানুর রহমান বক্তব্য দেন।

অনুষ্ঠানে ইউএসএআইডির প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সাজ্জাদ কামাল, পিভিএইচ কর্পোরেশনের কর্পোরেট রেসপন্সিবিলিটি ম্যানেজার বুশরা বিনতে বাতেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কেয়ার বাংলাদেশ এবং ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ প্রকল্প, পিভিএইচের সাথে অংশীদারিত্বের মাধ্যমে তৈরি পোশাক কারখানায় কর্মরত নারী কর্মীদের পেশাগত উন্নয়ন এবং নেতৃত্বের দক্ষতা বাড়াতে সহায়তা করছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ২০২৬ সালের মধ্যে প্রায় ১ লাখ নারীকে পেশাগত এবং জীবন দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দেয়া। —বিজ্ঞপ্তি