দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের মৃত্যুবার্ষিকী আজ। শনিবার (১০ মে) তার অষ্টম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে।
এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালেই উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ার, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইরা ড. মিয়ানের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মৃতিচারণমূলক আলোচনা। সকাল সাড়ে ১১টায় আইইউবিএটির অডিটোরিয়ামে অধ্যাপক ড. আলিমউল্যা মিয়ানের জীবন, দর্শন ও শিক্ষাক্ষেত্রে তার অবদান নিয়ে উন্মুক্ত আলোচনা সভা হয়। এতে সভাপতির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।
অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি বীর প্রতীক মরহুম কর্নেল সফিক উল্লাহর ছোট ভাই। ১৯৯১ সালের জানুয়ারিতে তিনি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালের ১০ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জীবনের শেষ দিন পর্যন্ত ড. মিয়ান শিক্ষা ও মানবকল্যাণে কাজ করে গেছেন। তার পরিবারিক মূল্যবোধ, নীতি ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে তিনি আজীবন সচেষ্ট ছিলেন।
এই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক শিক্ষার্থীরা অধ্যাপক ড. মিয়ানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আদর্শকে চিরস্মরণীয় করে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
—বিজ্ঞপ্তি










