দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ুদের নিয়ে জাতীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার আয়োজক ছিল ডিজএবলড ওয়েলফেয়ার সোসাইটি এবং সহযোগী সাইটসেভার্সের সমতার বাংলাদেশ ক্যাম্পেইন। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতা এ বছরের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের থিমের সঙ্গে মিল রেখে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৪০ জন দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ু এতে অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতা দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ুদের জন্য তাদের প্রতিভা প্রকাশের একটি মঞ্চ তৈরি করেছে। অংশগ্রহণকারীরা এমন একটি আয়োজনে অংশ নিয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

WhatsApp Image 2024-12-10 at 18.17.41 (1)

দাবা প্রতিযোগিতার দৃশ্য

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী, সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও এবং সিবিএম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি ইনক্লুশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ জাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মো. আমজুল হক।

ডিজএবলড ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক মর্জিনা আহমেদ বলেন, বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিরা, বিশেষত দৃষ্টিপ্রতিবন্ধীরা, খেলাধুলায় খুব কম সুযোগ পান। এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাদের প্রতিভা তুলে ধরতে এবং খেলাধুলায় তাদের অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান জানাতে চেয়েছি।

প্রতিবন্ধীদের খেলাধুলার সুযোগ বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মতামত দেন অতিথিরা। তারা বলেন, একটি প্রতিবন্ধীবান্ধব রাষ্ট্র গড়তে হলে খেলাধুলাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

প্রতিযোগিতার বিজয়ী বাপ্পি সরকার বলেন, আমি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুবই আনন্দিত। এটি আমাদের প্রতিভা প্রদর্শনের একটি দারুণ সুযোগ এবং অন্যদের সঙ্গে সংযোগ স্থাপনের মঞ্চ তৈরি করেছে। —বিজ্ঞপ্তি