মালয়েশিয়া যেতে না পারা ৭০ শতাংশ কর্মীর টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘মালয়েশিয়া সরকারের কাছে আমরা যেতে না পারা কর্মীদের বিষয়ে চিঠি লিখেছি। আগামী মাসে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে, শ্রমবাজার কবে খুলবে তখন জানা যাবে।’ গতকাল প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বায়রা আমাদের জানিয়েছে, যেতে না পারা ৭০ শতাংশ কর্মীদের টাকা পরিশোধ করা হয়েছে। আমরা বায়রাকে বলেছি, কর্মীরা যত টাকা দিয়েছে, সেই টাকা পাওয়ার পর তারা এগ্রিমেন্টে সাইন করবে, যে আমরা টাকা পেয়েছি। এরপর সেই লিস্ট বায়রা আমাদেরকে দেবে। তখন জানা যাবে কতজন মানুষ টাকা পেয়েছে। তাই ঠিক কতজন কর্মী টাকা পেয়েছে এখন এটা নির্দিষ্ট করে বলতে পারছি না। সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
সংযুক্ত আরব আমিরাত ইস্যুতে বাংলাদেশীদের শাস্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যে দেশে বসবাস করবে সে দেশের আইন সম্পর্কে সচেতন থাকা উচিত। যারা সেই আইন ভঙ্গ করবে, দেশের ভাবমূর্তি নষ্ট করবে তারা শাস্তি ভোগ করবে। এখানে আমাদের কিছু করার নেই। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ প্রবাসীদের অবদান। এ বিদেশী শ্রমবাজারটা এখন একটা মহল নষ্ট করতে চাচ্ছে। যারা একাত্তরের ঘাতক, ’৭৫-এর ঘাতক, যারা ২০০৪ সালে গ্রেনেড মেরেছিল তারাই এখন দেশের সম্পদ নষ্ট করছে।’










