ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানায় নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রসমাজকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিহাসের এ সন্ধিক্ষণে ছাত্র-জনতা একটি নিরাপদ, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। এ অর্জনের মধ্যেও কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী বিভিন্ন স্থানে জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও কলকারখানায় হামলা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের ঘৃণিত কাজের হোতাদের ধিক্কার জানাচ্ছে ব্যবসায়ী সমাজ। এমতাবস্থায় ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানার নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্রসমাজকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এফবিসিসিআই।










