চলমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একইসঙ্গে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির।

মঙ্গলবার (৬ আগস্ট) মহাসচিব মো. আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই এ আহ্বান জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনায় যারা শহীদ হয়েছেন এফবিসিসিআই তাদের আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে। পাশাপাশি এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেছে সংগঠনটি।

এফবিসিসিআই জানায়, বর্তমান পরিস্থিতিতে সাপ্লাই চেইন, আমদানি-রফতানিসহ দেশের অর্থনৈতিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং ব্যবসায়ী ও উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এহেন পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়া হলে সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটছে তা অর্থনৈতিক ক্ষেত্রে আরো ক্ষতিসাধন করবে।

সংগঠনটির দাবি, এ পরিস্থিতিতে জাতির বৃহত্তর স্বার্থে শিল্পকারখানা ও অর্থনৈতিক কার্যক্রম পূর্ণদ্যোমে সচল রাখা জরুরি। অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়নের লক্ষ্যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে এফবিসিসিআই অনুরোধ জানায়।

সবশেষে বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনীতি পুনরুদ্ধার ও জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে এফবিসিসিআইসহ সব বাণিজ্য সংগঠন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে। সংগঠনটির আশা দ্রুততম সময়ের মধ্যে জাতীয় অর্থনীতি আগের ধারায় ফিরে আসবে।