বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) সহযোগিতায় এবং অর্থ মন্ত্রণালয়ের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক (এসআইসিআইপি) মো. মাসুম বিল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক (এসআইসিআইপি) মোহাম্মদ ওয়াসিম। প্রাইম ব্যাংকের রিজিওনাল হেড মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেড অব স্মল বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নূর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, এ কর্মসূচির আওতায় উদ্যোক্তারা ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, হিসাবরক্ষণ, ব্যাংকিং সেবা, ডিজিটাল আর্থিক লেনদেনসহ ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে তারা আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরো কার্যকরভাবে যুক্ত হতে পারবেন, যা তাদের ব্যবসার সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কর্মসূচিতে নাটোর অঞ্চলের ২৫ জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজ নিজ ব্যবসাকে আরো টেকসই ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।










