বিটুবি কমার্স প্লাটফর্ম শপআপ জাপানি প্রতিষ্ঠান ক্রেডিট সাইজনের ক্রেডিট ভেনচার শাখা সাইজন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড (এসআইএমপিএল) থেকে ৬৫ লাখ ডলারের ঋণ ক্যাপিটাল ফান্ডিং সংগ্রহ করেছে। 

শপআপের প্রতিষ্ঠাতা ও সিইও আফিফ জামান বলেন, ‘আট কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য, এখন আমাদের কাছে আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা খাদ্য ও ভোগ্যপণ্যের মূল্য শৃঙ্খলে স্বচ্ছতা আনতে দৃঢ়প্রতিজ্ঞ, যা এ প্রয়োজনীয় পণ্যগুলোয় আয়ের অর্ধেকের বেশি ব্যয় করে এমন লাখ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করব।’

এ বিনিয়োগের মাধ্যমে শপআপ তাদের প্লাটফর্মে আর্থিক সেবা যোগ করে ব্যবসায়ীদের জন্য লেনদেন সহজ করে তুলবে। ফলে ব্যবসায়ীরা সহজেই তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবে।

ক্রেডিট সাইজন জানিয়েছে, তারা বাংলাদেশের বাজারে শপআপের সক্ষমতায় আস্থাশীল। এ বিনিয়োগের মাধ্যমে জাপানি প্রতিষ্ঠানটি বাংলাদেশের অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।

শপআপ একটি প্রযুক্তিভিত্তিক প্লাটফর্ম, যা উৎপাদনকারী ও বাজারের মধ্যে সংযোগ স্থাপন করে এবং পণ্যের বিতরণ ব্যবস্থাকে সহজ করে তোলে। এ বিনিয়োগের ফলে শপআপের ইকোসিস্টেমের অধীনে থাকা খুচরা বিক্রেতারা তাদের পণ্যের বিস্তার এবং ব্যবসা বৃদ্ধি করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। —বিজ্ঞপ্তি