লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের লেনদেন আগামীকাল বন্ধ থাকবে। পরদিন স্বাভাবিক নিয়মে পুনরায় লেনদেন শুরু হবে কোম্পানিটির। গত ১৩-১৫ আগস্ট কোম্পানিটি শেয়ার কেবল স্পট মার্কেটে লেনদেন হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পর্ষদ ৩১ মার্চ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় আগামী ২ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামীকাল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩২৪ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩০১ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৯ টাকা ৯২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬৪ টাকা ৯১ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০৯ টাকা ৫৩ পয়সায়।
তথ্য অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৬৯৯ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬৯২ কোটি টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৯৬ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯৭ কোটি টাকা।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২০ টাকা ৯৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩০ টাকা ২৭ পয়সায়।










