এ স্কিমের অধীনে প্রথম চেকটি পেয়েছে অ্যাপনটেক। এ উপলক্ষে সম্প্রতি চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান। এ সময় অ্যাপনটেকের সহপ্রতিষ্ঠাতা ও সিওও ইয়াসির আরাফাত ঋণের চেক গ্রহণ করেন। ইউনাইটেড ফাইন্যান্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে নওশাদ মুস্তাফা, ‘হাই ইমপ্যাক্ট সমাধানভিত্তিক ব্যবসা গড়ে তোলায় স্টার্টআপগুলোর ভূমিকা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি ইউনাইটেড ফাইন্যান্সকে তাদের স্টার্টআপ ঋণ পণ্য ইউরাইজ চালুর জন্য ধন্যবাদ জানান এবং অ্যাপনটেকের অনুপ্রেরণাদায়ী যাত্রা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান প্রান্তিক উদ্যোক্তাদের ক্ষমতায়নে কেন্দ্রীয় ব্যাংকের দূরদর্শী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা দেশের সিএমএসএমই খাতকে আমাদের পণ্য ও সেবার মাধ্যমে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিমগুলোর একজন অগ্রগামী অংশীদার হিসেবে আমরা এসব উদ্যোগের প্রভাব গভীরভাবে উপলব্ধি করি এবং সফল বাস্তবায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’