সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের পর্ষদ ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের নগদ লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ফান্ডটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি আলোচ্য হিসাব বছরে ফান্ডটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। 

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ক্রয়মূল্যের ভিত্তিতে নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪ কোটি ৯৯ লাখ টাকায়, বাজারমূল্যের ভিত্তিতে যা ৪৪ কোটি ১৬ লাখ টাকা। ফান্ডটির ক্রয়মূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৯৭ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা ৮ টাকা ৮১ পয়সা। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির নিট ক্ষতি ৭ কোটি ৮০ লাখ টাকা এবং ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। উল্লেখ্য, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ৬ শতাংশ, ২০২২ হিসাব বছরে ৮ শতাংশ, ২০২১ হিসাব বছরে ১৩ শতাংশ, ২০১৯ হিসাব বছরে ৫ শতাংশ ও ২০১৮ হিসাব বছরে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ফান্ডটি।