গত এক শতকে পুরুষরা নারীদের তুলনায় দ্বিগুণ দ্রুত লম্বা হয়েছে। এমন তথ্যই উঠে এসেছে সাম্প্রতিক এক নতুন গবেষণায়। গবেষণাটি সম্প্রতি বায়োলজি লেটার্স জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষণাটিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পুষ্টির উন্নতির কারণে গত শতাব্দীতে মানুষের গড় উচ্চতা বেড়েছে। তবে এই পরিবর্তন পুরুষ ও নারীর ক্ষেত্রে সমান নয়। পুরুষরা নারীদের তুলনায় দ্বিগুণ দ্রুত লম্বা হয়েছে।
বিজ্ঞানীরা ইতালি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মানুষের উচ্চতা ও ওজনের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছেন। তারা দেখতে পেয়েছেন, কোনো দেশের উন্নয়ন যত বেশি হচ্ছে, ততই মানুষ লম্বা হচ্ছে। বিশেষ করে পুরুষদের উচ্চতা বেশি হারে বাড়ছে।
গবেষকরা যুক্তরাজ্যের একটি সমীক্ষার তথ্য ব্যবহার করে ১৯০৫ থেকে ১৯৫৮ সালের মধ্যে ২৩ থেকে ২৬ বছর বয়সী ৪৯ হাজার ১৮০ জন পুরুষ ও নারীর উচ্চতা বিশ্লেষণ করেছেন। এতে দেখা যায়, প্রতি পাঁচ বছরে নারীদের গড় উচ্চতা ০.২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যেখানে পুরুষদের উচ্চতা বেড়েছে ০.৬৯ সেন্টিমিটার।
গবেষক লুইস হালসি গবেষণার অন্যতম প্রধান কারণ হিসেবে যৌন নির্বাচনকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, অতীতে লম্বা ও শক্তিশালী পুরুষরা প্রতিযোগিতায় টিকে থাকত। সুযোগে অগ্রাধিকার পাওয়ার ফলে তারা তাদের জিন পরবর্তী প্রজন্মে স্থানান্তর করতে পারত। আধুনিক সময়েও নারীরা সাধারণত লম্বা পুরুষদের পছন্দ করে। তবে পুরুষদের মধ্যে নারীদের উচ্চতার প্রতি বিশেষ আকর্ষণ দেখা যায় না।
বিশেষজ্ঞরা বলছেন, উন্নত পরিবেশে পুরুষদের উচ্চতা ও ওজন নারীদের তুলনায় বেশি বৃদ্ধি পায়। তবে প্রতিকূল পরিবেশে আবার পুরুষদের শারীরিক গঠন নারীদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়।
সিএনএন










